টানা ৯৮ দিন কাজ করে হাসপাতালে যেতে হয়েছিল জেনিফার লোপেজকে
টানা ৯৮ দিন ছুটি ছাড়া কাজ করার পর অতিরিক্ত ক্লান্তিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মার্কিন তারকা জেনিফার লোপেজকে। সম্প্রতি ‘স্মার্টলেস’ পডকাস্টে অংশ নিয়ে ৫৬ বছর বয়সী এই অভিনেত্রী ও গায়িকা তার ক্যারিয়ারের সেই ঘটনার কথা জানান।
জেনিফার লোপেজ জানান, ঘটনাটি ঘটেছিল তার ‘এনাফ’ সিনেমার শুটিং চলাকালীন। সে সময় তিনি একসঙ্গে চারটি সিনেমা এবং তার ‘জেএলও’ অ্যালবামের কাজ করছিলেন। প্রতিদিন দীর্ঘ সময় শুটিং শেষ করে রাতে স্টুডিওতে গান রেকর্ড করতেন এবং সাপ্তাহিক ছুটির দিনেও মিউজিক ভিডিওর শুটিং করতেন। এভাবে টানা ৯৮ দিন কাজ করার পর একদিন শুটিং সেটে তিনি অসুস্থ বোধ করেন।
লোপেজ বলেন, ‘হঠাৎ আমার বুকের ভেতর ধড়ফড়ানি শুরু হয়। ট্রেলারে গিয়ে বসার পর আমি চোখে ঝাপসা দেখছিলাম এবং শরীর পুরোপুরি অবশ হয়ে গিয়েছিল, আমি নড়াচড়া করতে পারছিলাম না।’ পরে তার সহকারীর সাহায্যে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, অতিরিক্ত ক্লান্তি ও মানসিক চাপের কারণেই তার শরীর সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল।
পডকাস্টে লোপেজ তার তারকাখ্যাতি ও প্যানিক অ্যাটাক নিয়ে অভিজ্ঞতার কথাও বলেন।
তিনি জানান, ‘সেলিনা’ সিনেমায় অভিনয়ের পর তার জনপ্রিয়তা যখন অনেক বেড়ে যায়, তখন থেকেই তিনি প্যানিক অ্যাটাকের মুখোমুখি হতে শুরু করেন। একবার ভক্তরা তাকে ঘিরে ধরলে তিনি মারাত্মক অস্বস্তিতে পড়েন।
লোপেজ জানান, অতিরিক্ত জনপ্রিয়তার কারণে তিনি এখন খুব একটা বাইরে যান না। পাপারাজ্জিদের এড়াতে তিনি ঘরের ভেতরেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
No comments yet
Be the first to join the discussion.