ইঞ্জিনে আগুন লাগার সাড়ে তিন ঘণ্টা পর সচল হলো বিজয় এক্সপ্রেস ট্রেন
চট্টগ্রাম থেকে জামালপুরগামী আন্ত নগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ট্রেন চলাচল প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে।
পরে রাত ৯টা ২৫ মিনিটে ট্রেনটি জামালপুরের উদ্দেশে যাত্রা পুনরায় শুরু করে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস আঠারবাড়ী স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। একপর্যায়ে ইঞ্জিনে আগুন লাগে এবং তা বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি ঘটনাস্থলেই থেমে যায়।
খবর পেয়ে ময়মনসিংহ থেকে প্রকৌশলী ও কারিগরি কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করে। দীর্ঘ সময় চেষ্টার পর তারা ইঞ্জিনটি সচল করতে সক্ষম হন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘আঠারবাড়ী স্টেশন এলাকায় পৌঁছানোর পর বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন থেকে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যায়।
খবর পেয়ে বিকল্প ইঞ্জিন ও প্রকৌশলী দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা কাজ করার পর ট্রেনের ইঞ্জিন সচল করা সম্ভব হয়।’
No comments yet
Be the first to join the discussion.